শ্রী স্বামীনারায়ণ মন্দির, কলকাতা (দেবনাগরী: श्री स्वामिनारायण मन्दिर) হল গুজরাতের স্বামীনারায়ণ সম্প্রদায়ের বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। শ্রী স্বামীনারায়ণ মন্দির, কলকাতা-র অবস্থান দক্ষিণ কলকাতার শহরতলি আমতলার কাছে বিষ্ণুপুর থানার ভাসার ১৪ নম্বরে (অতীতে এখানে কালীঘাট–ফলতা রেলওয়ের ১৪ নম্বর হল্ট স্টেশন ছিল)। কলকাতা মহানগরের মূল কেন্দ্র হতে জাতীয় সড়ক ১২ (ডায়মন্ড হারবার রোড) বরাবর দূরত্ব ১৯ কিলোমিটার (১২ মাইল)। ২০১৪ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক পূজা-অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। কথিত আছে যে, ভগবান স্বামীনারায়ণ (১৭৮১-১৮৩০) একসময় নীলকান্ত বর্ণি রূপে বঙ্গোপসাগরে সাগর দ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিলমুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। কলকাতা মহানগরের প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। এটি বিশ্বের পাঁচ মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ ৪৪ টি মন্দিরের অন্যতম।